গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পঞ্চম দিনের মতো সোমবার বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ইতিহাস বিভাগের সঙ্গে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা সকালে প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পরে দুপুরে ইতিহাস বিভাগের কার্যক্রম অব্যাহত রাখার দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ইতিহাস বিভাগের ছাত্র আফতাব আহমেদ বলেন, ‘ইউজিসি থেকে অনুমোদন না নিয়ে বিভাগ চালু করলে দায়ী প্রশাসন। এজন্য আমরা কেন ক্ষতিগ্রস্ত হব?’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ‘ইতিহাস বিভাগের বিষয়ে পদক্ষেপ গ্রহণে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা দরকার। কিন্তু এই সভা আহ্বানের ক্ষমতা আমার নেই।’
২০১৭ সালে বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস) ইনস্টিটিউটের অধীনে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ চালু করেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। গত ৬ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিভাগটি চালুর ড়্গেত্রে অনুমতি নেওয়া হয়নি জানিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তির ওপর নিষেধাজ্ঞা দেয়। এর পর থেকেই ইতিহাস বিভাগের চার শতাধিক শিক্ষার্থী আন্দোলন করে আসছেন।