রূপগঞ্জে সয়াবিনের গরম বর্জ্যে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সয়াবিনের গরম বর্জ্যে পড়ে দগ্ধ হয়ে আশরাফুল মিয়া (১৩) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর আগে গত ৬ ফেব্রুয়ারি উপজেলার রূপসী খন্দকারবাড়ী এলাকার রাস্তার পাশে রাখা সয়াবিনের গরম বর্জ্যে পড়ে গিয়ে দগ্ধ হয় আশরাফুল। সে উপজেলার রূপসী এলাকার খন্দকার বাবুল মিয়ার ছেলে এবং জিনিয়াস একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের বাবা বাবুল মিয়া জানান, গত ৬ ফেব্রুয়ারি রাস্তা দিয়ে যাওয়ার সময় আশরাফুল গরম সয়াবিনের বর্জ্যে পড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুলের মৃত্যু হয়।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কেউ মামলা করতে রাজি হয়নি।