ফসলি জমির মাটি কেটে পুকুর খনন বা মাটি বিক্রি করা নিষিদ্ধ হলেও সরকারি সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে ফসলি জমির মাটি কেটে বিক্রি ও পুকুর তৈরি করছে পাবনার ঈশ্বরদীর প্রভাবশালীরা। ঈশ্বরদীর বেনারসি পল্লীসংলগ্ন পাগলা সাঁকোর পশ্চিম মুখে প্রতিদিন প্রকাশ্যে মাটি কেটে বিক্রি করছেন শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। কেটে নেওয়া এসব মাটির বেশির ভাগ যাচ্ছে ইটভাটায়।
এ বিষয়ে স্থানীয়রা বারবার নিষেধ করলেও কোনো কাজ হচ্ছে না। প্রায় এক মাস ধরে প্রকাশ্যে দিনের বেলায় ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হলেও কার্যকর কোনো ভূমিকা পালন করছে না স্থানীয় প্রশাসন।
গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, ঈশ্বরদীর বেনারসি পল্লীর কাছে শ্রীরামগাড়ী অভিমুখী পাগলা সাঁকোর পশ্চিম মুখে প্রায় তিন একর জমিতে ভেকু মেশিন লাগিয়ে অবাধে মাটি কাটা হচ্ছে। পার্শ্ববর্তী কয়েকটি তিন ফসলি জমি মাড়িয়ে ট্রাক্টর দিয়ে সেই মাটি পরিবহন করা হচ্ছে। শুধু তা-ই নয়, মাটি পরিবহনের কারণে বেনারসি পল্লী হয়ে শ্রীরামগাড়ী অভিমুখী সড়কটিতে স্বাভাবিক চলাচল দুষ্কর হয়ে পড়েছে। রাস্তার ওপর মাটি পড়ে স্তর জমে গেছে। সামান্য বাতাস হলেই প্রচ- ধুলায় অন্ধকার হয়ে যায়, আবার সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহনে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকছে, এসব কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী।
যোগাযোগ করা হলে জমির মালিক শফিকুল ইসলাম বলেন, ওই জমিতে তেমন কোনো ফসল হয় না। তাই মাটি কেটে বিক্রি করছি, যাতে সেখানে পুকুর করা যায়।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে শিগগিরই অভিযান চালানো হবে।