বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কানাডার সেস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) ও কানাডার সেস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটি (জিআইএফএস) এর মধ্যে কৃষিক্ষেত্রে বিভিন্ন সহযোগিতাসহ বঙ্গবন্ধু চেয়ার এবং ‌‘বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষি  প্রযুক্তি কেন্দ্র’  স্থাপনের  লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং কানাডা’র জিআইএফএস এর চিফ অপারেটিং অফিসার স্টিভ ভিসার।  জিআইএফএস ও বিএআরসি টেকসই নিরাপদ খাবারের উন্নয়নে সহায়তার জন্য গবেষণা, প্রশিক্ষণ ও বিকাশের অংশীদারত্বের কাজ করতে সম্মত হয়েছে উভয় দেশ ।

সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর ক্রিস্টাল বলরুমে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক ও সফররত কানাডা’র সাসকাচোয়ান সরকার এর কৃষিমন্ত্রী ডেভিড মেরিট চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন,  কৃষি উন্নয়নের সঙ্গে দেশের সার্বিক উন্নয়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দর্শন সর্বপ্রথম উপলব্ধি করেই স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। বর্তমান সরকারও কৃষির উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন নতুন জাতসমূহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মাঠপর্যায়ে সম্প্রসারণ, শস্য বহুমুখীকরণ, আধুনিক প্রযুক্তি হস্তান্তর, শস্য নিবিড়তা বৃদ্ধি এবং সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের ফলে বর্তমানে কৃষি উৎপাদনের ধারা ঊর্ধ্বমুখী রয়েছে।

কানাডার সেস্কাচুয়ান সরকারের কৃষিমন্ত্রী ডেভিড মেরিট বলেন , আমাদের গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক এটি একটি মাইলফলক। আমরা ভবিষ্যতে আমাদের সম্পর্ককে আরও জোরদার করে কৃষি উন্নয়নে এক সঙ্গে কাজ করবো। যা নিরাপদ খাদ্য নিশ্চিতে সহায়ক হবে । কনসোর্টিয়াম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কানাডার সমর্থন এবং উভয় দেশের মধ্যে দীর্ঘকালীন দ্বিপক্ষীয় সম্পর্কের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশে একটি কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা করেছে।

এ ছাড়া কানাডার সেস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের জিআইএফএস এবং বিএআরসিতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করবে।  বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে পিয়েরি এলিয়ট ট্রুডো একটি আধুনিক কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করবে কানাডা। এই সমঝোতা স্মারকের মাধ্যমে আরও উন্নত কৃষি প্রযুক্তি উদ্ভাবিত হবে যার ফলে দেশের জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সচিব  মো. নাসিরুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমিকাস) মিস ফেরদৌসী শাহারিয়ার, সেস্কাচুয়ানের উপমন্ত্রী রিক বারটন ও বাংলাদেশে কানাডা দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফোনটেইন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, গবেষণা- সম্প্রসারণ প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কানাডিয়ান বাংলাদেশ দূতাবাস, এবং ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাসমূহের কর্মকর্তা ও প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।