দেশলাই দিয়ে খেলতে গিয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে দেশলাই দিয়ে খেলতে গিয়ে আগুনে পুড়ে রাইয়ান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জ উপজেলা শহরের কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাইয়ান জেলা শহরের জালাসী এলাকার আইনজীবী রাকিবুত তারেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু রাইয়ান কয়েক দিন আগে তার মায়ের সঙ্গে দেবীগঞ্জ কলেজপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে যান।

মঙ্গলবার বিকেলে সবার চোখের আড়ালে আরও কয়েকজন শিশুসহ সে নানা বাড়ির খড়ের গাদার পাশে দেশলাই নিয়ে খেলছিল।

এ সময় তারা দেশলাইয়ে আগুন জ্বালালে খড়ের গাদায় আগুন লেগে যায়। অন্য শিশুরা চিৎকার দিয়ে পালাতে পারলেও রাইয়ান আগুনের মধ্যে আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে নীলফামারীর ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 দেবীগঞ্জ থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার অগ্নিদগ্ধ হয়ে ওই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।