একসঙ্গে নৌকায় ঘুরতে বেরিয়েছিলেন ১২ জন। হঠাৎ পথ হারিয়ে ছোট নৌকায় ভাসতে থাকেন অথই প্রশান্ত মহাসাগরে। ৩২ দিন পর যখন উদ্ধার হলেন, তখন ৮ জন নেই। তারা মারা গেছেন বাকি চারজনের চোখের সামনে।
দ্য সোলোমন স্টার নিউজ জানিয়েছে, ১২ জনের ওই দলটি পাপুয়া নিউগিনির বোগেনভিলভিল প্রদেশের। বড় দিন উপলক্ষে তারা ২২ ডিসেম্বর কার্টেরেট দ্বীপপুঞ্জ থেকে ১০০ কিলোমিটার দূরে ঘুরতে যান।
বেঁচে ফেরা ডমিনিখ স্ট্যালি জানান, তাদের ছোট নৌকায় হঠাৎ পানি উঠে যায়। ওই সময় আটজন পড়ে যান। বাকি চারজন কোনোমতে নৌকা সামলে টিকে থাকেন।
‘আমাদের কিছুই করার ছিল না। তাদের চোখের সামনে ভেসে যেতে দেখেছি,’ জানিয়ে স্ট্যালি বলেন, ‘এক দম্পতি মারা যাওয়ার সময় তার শিশুকে আমার হাতে দিয়ে যায়। আমি তাকে নিয়ে নৌকায় উঠি। পরে সেও মারা গেছে।’
এই ৩২ দিন ওই চারজন নারকেল এবং বৃষ্টির পানি খেয়ে বেঁচে ছিলেন। অনেক মাছ ধরার নৌকা দূর থেকে তারা চলে যেতে দেখলেও দৃষ্টি কাড়তে পারেননি। শেষ পর্যন্ত জানুয়ারির শেষ দিকে একটি নৌকা তাদের দেখতে পায়।