সমন্বিত ভর্তি পরীক্ষায় দেশের 'সব' পাবলিক বিশ্ববিদ্যালয় রাজি

সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় রাজি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও এতে সম্মত হয়েছে বলে জানায় ইউজিসি।

ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে বুধবার কমিশনে এক সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয়ভাবে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ১২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউজিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহর বলেন, আমরা আশা করছি মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ে পুরোদমে কাজ শুরু হবে। ইউজিসি এ কার্যক্রম এগিয়ে নিতে বিশ্ববিদ্যিালয়গুলোকে সর্বাত্মক সহযোগিতা করবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা, পদ্ধতিসহ বিভিন্ন বিষয় যথাসময়ে জানানো হবে।

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার আয়োজনে শিক্ষামন্ত্রী দীপু মনির উদ্যোগের এই ব্যবস্থার বিপরীতে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শনিবার ডাকসু সভাপতি উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠত কার্যনির্বাহী সভায় নিজস্ব পরীক্ষার  মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু রাখার সুপারিশ করা হয়।