সরকারি ওয়েবসাইট থেকে আসামের এনআরসির সব তথ্য গায়েব

সরকারি ওয়েবসাইট থেকে গায়েব হয়ে গেছে ভারতের বহুল আলোচিত আসাম রাজ্যের নাগরিক তালিকার (এনআরসি) যাবতীয় তথ্য।

আনন্দবাজার পত্রিকা জানায়, ৬ বছরে প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি খরচ করে আসাম রাজ্যের এনআরসি করা হয়েছিল। অর্ধ শতাধিক আত্মহত্যাসহ লাখ লাখ মানুষের হেনস্তা ও বিড়ম্বনার মধ্য দিয়ে বিতর্কিত এই এনআরসি কার্যকর হয় গত বছর।

তবে যে ওয়েবসাইটে আসামের এনআরসি সংক্রান্ত সব তথ্য দেখা যেত, গত দু’মাস ধরে সেখানে কিছুই দেখা যাচ্ছে না। বিরোধীদের দাবি, এনআরসির সব তথ্যই গায়েব করে দেওয়া হয়েছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটা ঘটেছে।

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনকে (সিএএ) ঘিরে এনআরসি বিরোধী আন্দোলন গড়ে উঠেছে সব কয়টি রাজ্যে। এ ছাড়া এনআরসি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক পরস্পর বিরোধী মন্তব্যেও নাগরিকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।

এমন পরিস্থিতিতে তথ্য গায়েবের এমন ঘটনা ঘটল। এনআরসির চূড়ান্ত তালিকায় কাদের নাম রয়েছে এবং কারা বাদ গিয়েছে তা জানতে এত দিন একটি ওয়েবসাইটে (www.nrcassam.nic.in) গিয়ে নির্দিষ্ট জায়গায় ক্লিক করলেই সে সংক্রান্ত যাবতীয় তথ্য দেখা যেত। কিন্তু এখন সেখানে ক্লিক করলেই ‘এরর’ দেখাচ্ছে। প্রায় দুই মাস ধরে এই সমস্যা চলছে।

তথ্যপ্রযুক্তি সংস্থা ‘উইপ্রো’র সঙ্গে চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়াতেই এমন সমস্যা দেখা দিয়েছে বলে দাবি করেছেন আসামের এনআরসির বর্তমান কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মা। এই সমস্যার জন্য তার আগের কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাকেই দায়ী করেছেন তিনি।

হিতেশ বলেন, ‘আমি ২৪ ডিসেম্বর দায়িত্ব পেয়েছি। ফেব্রুয়ারির শুরুতেই এ নিয়ে উইপ্রোকে চিঠিও দেওয়া হয়েছে। ওরা কাজে হাত লাগালেই, ফের সমস্ত তথ্য ওয়েবসাইটে ফিরে আসবে। আগামী দুই-তিন দিনের মধ্যেই তা ফের দেখতে পাবেন সাধারণ মানুষ।’