বর্তমান সরকারকে কৃষি বান্ধব দাবি করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তাই কৃষক ধান বিক্রি করতে এসে কোন রকম হয়রানির শিকার হলে জড়িতদের কোন রকম ছাড় দেওয়া হবে না। কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় এবং ধান বিক্রি করতে এসে গুদামের লোকদের বাড়তি মজুরি দিতে না হয়- সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বরিশালে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমন ধান সংগ্রহ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী বলেন, মিল মালিকরা সরকারি গুদামে চাল দেয়ার বেলায় যেন কাবিখার চাল কিনে বা নিম্ন মানের চাল সরবরাহ করতে না পারেন সে বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।
তিনি বলেন, সরকার চাল রপ্তানি করার লক্ষ্যে সারা দেশে সাইলো নির্মাণের পরিকল্পনা নিয়েছে। পাঁচ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুই শতাধিক সাইলো নির্মাণ করা হবে। ধান ক্রয়ের বেলায় প্রকৃত কৃষকদের তালিকা ফের যাচাই বাছাই করার নির্দেশ দেন মন্ত্রী।
বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মদ নাজমান আরা খানম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় কৃষক, ব্যবসায়ী, মিল মালিক, খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।