রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাহফুজুর রহমান সারদকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারসহ ছয় দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলের কার্যকারিতা বৃদ্ধি, অপরাধী যাতে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারে তা নিশ্চিত করা, নারীবান্ধব ক্যাম্পাস, বহিরাগতদের চলাচলে নিয়ন্ত্রণ, ক্যাম্পাসে মোটসাইকেলের সর্বোচ্চ গতি ২০ কি.মি. করা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সব মেয়ের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। অথচ সেই নিরাপত্তার জন্য মেয়েদের আজ রাস্তায় দাঁড়াতে হয়েছে। এ সময় মেয়েরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয় উল্লেখ করে ধর্ষকের সর্বোচ্চ শািস্ত মৃত্যুদণ্ড দাবি করেন।