দুবাইয়ে পরিবেশবান্ধব ব্লক তৈরির প্ল্যান্ট পরিদর্শন পূর্তমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে পরিবেশবান্ধব অটোক্লেভড অ্যারেটেড কনক্রিট ব্লক তৈরির প্ল্যান্ট পরিদর্শন করছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল বুধবার জাপানি প্রতিষ্ঠান মাসাহর আমন্ত্রণে দুবাই শিল্প এলাকা পরিদর্শন করেন মন্ত্রী।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আফজাল হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি শামীম আমিনুর রহমান, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার, গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, উপসচিব ড. আবু নঈম মো. আবদুছ ছবুর, সিদ্দিকুর রহমান ও মোতাহার হোসেন।

গণপূর্ত মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য পরিকল্পিত নগরায়ণ এবং নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবন নির্মাণের ক্ষেত্রে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন। এজন্য ভবন নির্মাণে ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী ব্লক ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ব্লক তৈরির প্রযুক্তি ও পদ্ধতিগত অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই পরিদর্শন।’