প্রিফারেন্স সংস্কৃতির অবসান চান দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, রেফারেন্স থাকলে প্রিফারেন্স পাওয়া যায়Ñ এই সংস্কৃতির অবসানের জন্যই কমিশন পল্লী অঞ্চলে প্রতিদিন কমপক্ষে ১৫টি দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষ যাতে তদবিরমুক্তভাবে তাদের সরকারি পরিষেবা পেতে পারে সে বিষয়েই কমিশন কাজ করছে। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক অ্যান্টি করাপশন অ্যান্ড গভর্ন্যান্সের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে কমিশন আইনি প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা পালন করছে। কমিশন দুর্নীতি দমনের পাশাপাশি প্রতিরোধ, সরকারি পরিষেবা প্রদানে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং ও তৃণমূল পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানিসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে।