মানহানির অভিযোগ তুলে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাজাহান খানের বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের করা মামলা আমলে নিয়েছেন আদালত।
মামলাটি আমলে নিয়ে আদালত বিবাদী শাজাহান খানকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্য বৃহস্পতিবার এই আদেশ দেন।
ইলিয়াস কাঞ্চনের আইনজীবী রেজাউল করিম বলেন, মামলার গ্রহণযোগ্যতা বিষয়ে আজ আদালতে শুনানি হয়। মামলাটি আমলে নিয়ে আদালত আদেশ দেন। আদালত শাজাহান খানকে লিখিত জবাব দিতে বলেছেন।
বুধবার ঢাকার এক নম্বর যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।
কয়েক মাস আগে পরিবহন শ্রমিকদের তোপের মুখে পড়েন নিরাপদ সড়কের আন্দোলনে সক্রিয় চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন।
এর মধ্যেই গত ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে কাঞ্চনের সম্পদ নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।
ওই অনুষ্ঠানে পরিবহন শ্রমিকদের নেতা, সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছিলেন, ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরব।
মামলার আরজিতে বলা হয়েছে, শাজাহান খানের ওই বক্তব্য মিথ্যা এবং তা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বক্তব্য প্রত্যাহার কিংবা ক্ষমা প্রার্থনা করেননি।
তাই মামলাটি করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট রেজাউল।