করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আতঙ্কে নেদারল্যান্ডসের প্রমোদতরী এমএস ওয়েস্টারডামকে নোঙরের অনুমতি দেয়নি এশিয়ার পাঁচটি বন্দর। তবে সাগরবক্ষে ঘুরতে থাকা প্রমোদতরীটিকে নোঙরের অনুমতি দিয়েছে কম্বোডিয়া কর্র্তৃপক্ষ।
জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টিন থাকা আরেকটি প্রমোদতরী, ডায়মন্ড প্রিন্সেসে ২০০ জনেরও বেশি লোক সংক্রমণে আক্রান্ত হয়েছে। কিন্তু দুই হাজারেরও বেশি আরোহী থাকা ওয়েস্টারডামে একজনও করোনাভাইরাস সংক্রমিত নেই।
গত মঙ্গলবার প্রমোদতরীটি ব্যাংকক বন্দরে নোঙর করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু অনুমতি পায়নি। বরং থাইল্যান্ড নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ প্রমোদতরীটিকে পাহারা দিয়ে নিয়ে থাইল্যান্ডের জলসীমার বাইরে বের করে দেয়। এখান থেকেই জাহাজটি থাইল্যান্ডের প্রতিবেশী কম্বোডিয়ার উদ্দেশে রওনা দেয়। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকালে জাহাজটি কম্বোডিয়ার বন্দর-শহর সিহানুকভিলে নোঙর করার মতো একটি স্থানে পৌঁছায়।