আওয়ামী লীগকে বিদায় না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নষ্ট হয়ে গেছে। ওই দলের নেতাকর্মীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নেওয়ার কোনো অধিকার নেই।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে গণফোরাম আয়োজিত এক সমাবেশে তিনি এসব বলেন।
সুব্রত চৌধুরী বলেন, আমরা চেয়েছিলাম জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আপনাদের (আওয়ামী লীগ) বিদায় করব। ২০১৮ সালে আপনি (শেখ হাসিনা) বলেছিলেন, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় থাকব না। অথচ আপনি দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় বসে তাকে অপমান করেছেন। তাই বঙ্গবন্ধুর নাম নেওয়ার কোনো অধিকার আওয়ামী লীগের নেই।
তিনি অভিযোগ করে আরো বলেন, ‘আপনারা এখন জনগণের রক্ত চুষছেন। আপনাদের কোনো মায়া-দয়া নেই। সরকার আমাদের সবকিছু পাগলা হাতির মতো তছনছ করে দিচ্ছে। আমাদের প্রশাসন ধ্বংস করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে। আইনশৃঙ্খলা বাহিনীতে দলীয়করণ করেছে। নির্বাচন কমিশনকে নষ্ট করেছে’।
সমাবেশ থেকে বিশ্বকাপজয়ী অনূর্ধ-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান সুব্রত চৌধুরী।
সরকারের উদ্দেশে গণফোরামের অপর নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন, আপনারা নিজের কাছে নিজেই প্রশ্ন করেন, কত বড় অপরাধ করছেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে, মুক্তিযুদ্ধের সঙ্গে, বঙ্গবন্ধুর সঙ্গে এবং তার আদর্শের সঙ্গে। শুধু মুখেই বলেন, কার্যত বঙ্গবন্ধুর কোন কাজটি আপনারা করছেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. হেলাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন, যুব সদস্য সচিব মাহামুদুল্লাহ মধু প্রমুখ।