নিখোঁজের পর স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের একদিন পর সুমা খানম (৬) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কুসুমদিয়া গ্রামের পরিত্যক্ত একটি ভিটা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সুমা উপজেলার চাপ্তা গ্রামের মো. মিজান শেখের মেয়ে ও চাপ্তা ২২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

কাশিয়ানী থানার এসআই গণেশ বিশ্বাস জানান, গত বুধবার উপজেলার চাপ্তা রেলস্টেশন থেকে নিখোঁজ হয় সুমা। বিভিন্ন স্থানে খুঁজে তার সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানায় পরিবার। গতকাল বৃহস্পতিবার ভোরে কুসুমদিয়া গ্রামের পরিত্যক্ত একটি ভিটায় সুমার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান গলা, হাত ও পায়ের রগ কেটে শিশু সুমাকে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে।