জম্মু-কাশ্মীর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
গত বছর ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে উপত্যকার পরিস্থিতির দিকে নজর রেখেছে ইইউ। সম্প্রতি দ্বিতীয় বারের জন্য উপত্যকা থেকে ঘুরে গেছে তাদের প্রতিনিধি দল। এরপর শুক্রবার এমন মন্তব্য করল তারা।
শুক্রবার বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন দেশের প্রতিনিধিরা যে সেখানে যেতে পারছেন, এতেই বোঝা যায়, কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। কিন্তু এখনও সেখানে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে।’
ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক ও নিরাপত্তা নীতি অধিদপ্তরের মুখপাত্র ভার্জিনি বাট্টু হেনরিকসন ওই বিবৃতিতে বলেন, ‘উপত্যকার অধিকাংশ জায়গাতেই ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা নেই। এখনও বন্দি রয়েছেন একাধিক রাজনীতিক। এর সঙ্গে নিরাপত্তাজনিত বিষয়টি জড়িয়ে রয়েছে, তা আমরা বুঝতে পারছি। কিন্তু এ বার ধীরে ধীরে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়াটাও জরুরি।’