যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারেন, সে লক্ষ্যে আনা একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গত বৃহস্পতিবার ট্রাম্পের যুদ্ধক্ষমতা খর্বের এ প্রস্তাবটি ৫৫-৪৫ ভোটে অনুমোদিত হয়।
প্রেসিডেন্টের ক্ষমতা খর্বের এ প্রস্তাবে বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর দলের অন্য সদস্যদের বিপক্ষে অবস্থান নেন। ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাশেম সুলেইমানিকে হত্যার কয়েক সপ্তাহ পর সিনেটে বিলটি পাস হলো। ট্রাম্প বলেছেন, তিনি সিনেটের এ সিদ্ধান্তের বিপক্ষে ভেটো ক্ষমতা প্রয়োগ করবেন। প্রেসিডেন্টের ভেটো পাল্টাতে হলে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে। বৃহস্পতিবার পাস হওয়া বিলটি তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অবস্থান নিয়ে ‘ভুল বার্তা’ দেবে বলে মন্তব্যও করেছেন কট্টর রিপাবলিকানদের কেউ কেউ।
প্রস্তাবের উত্থাপক ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেছেন, উচ্চকক্ষের এ ভোট কংগ্রেসের সামর্থ্য দেখাল। এতে সেনা মোতায়েনের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের গুরুত্বও প্রতিফলিত হয়েছে। সিনেট ভোটের পর সংবাদ সম্মেলনে কেইন বলেন, ‘বিলটি ট্রাম্পের টেবিলে যাওয়ার অর্থই হচ্ছে তাকে জানানো যে আমরা আমাদের সংসদীয় আসনের জনগণের কথা শুনছি। আমরা তাকে বলছি; নতুন একটি যুদ্ধে জড়ানোর পরিকল্পনা হবে সাংঘাতিক ভুল।’