স্বল্পমূল্যে নির্ধারিত স্থানে বিক্রির জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহ করা পেঁয়াজ মজুদ করে কালোবাজারে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের সিটি করপোরেশন পাকা মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুজনকে তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র্যাব-২-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী। গ্রেপ্তার দুজন হলেনÑআসাদুজ্জামান (৫৬) এবং হুমায়ুন কবির (৪৮)। অভিযানের সময় তাদের কাছ থেকে ট্রাকভর্তি ১ হাজার ৩৬৪ কেজি পেঁয়াজ এবং একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১১-৮৫৭০) জব্দ করা হয়।
র্যাব জানায়, গত ১৩ জানুয়ারি বাংলাদেশ সচিবালয়ের সামনে খোলা বাজারে বিক্রয়ের জন্য টিসিবি থেকে দেড় হাজার কেজি পেঁয়াজ নেয় মেসার্স পিয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। পরে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান ও তার সহযোগীরা নির্ধারিত স্থানে পেঁয়াজ বিক্রি না করে মজুদ করে রাখে। এসব পেঁয়াজ কারওয়ানবাজার এলাকায় কালোবাজারিতে বিক্রয়ের সময় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।