লেবাননে বাংলাদেশি দুই শ্রমিক মারা গেছেন। তারা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে আবদুল্লাহ মিয়া (৩৫) ও ঝাড়ু মিয়ার ছেলে মোজাম্মেল মিয়া (২২)। তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনু মিয়া জানিয়েছেন, জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে আবদুল্লাহ এবং দেড় বছর আগে মোজাম্মেল লেবাননে যান। দক্ষিণ লেবাননে ছুর এলাকার হারিফ গ্রামে একটি ফুলের বাগানে কাজ করতেন তারা। গত ১১ ফেব্রুয়ারি রাতে একই কক্ষে আবদুল্লাহ ও মোজাম্মেল ঘুমান। তীব্র শীতের কারণে তারা কাঠ দিয়ে ঘরের ভেতর আগুন জ¦ালিয়েছিলেন। পরদিন সকালে ঘুম থেকে না ওঠায় আশপাশের লোকজন ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতের ঢুকে ওই দুজনের প্রাণহীন দেহ দেখতে পান।
নিহতদের নিকটাত্মীয় জাহাঙ্গীর আলম জানান, দরজা বন্ধ অবস্থায় ঘরে আগুন থাকায় অক্সিজেন প্রবেশ করেনি। এ কারণে দম বন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে লেবানন থেকে জানানো হয়েছে। তিনি আরও জানান, আবদুল্লাহ ও মোজাম্মেল যার অধীনে কাজ করতেন তিনিই মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছেন। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।