বিসিএলে ইয়াসির আলির সেঞ্চুরি

মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া পূ্র্বাঞ্চলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ইয়াসির আলি। চার নম্বরে নেমে হাঁকিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি। তাতে উত্তরাঞ্চলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে আলোর পথে হাঁটছে ইমরুল কায়েসের দল।

কক্স বাজারের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিন শনিবার দলের খুব প্রয়োজনীয় সময় শতক হাঁকান ইয়াসির। দিনের তৃতীয় সেশনের শুরুর দিকে সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটার। তিন অঙ্কের দেখা পেতে ২২২টি বল খেলেন ইয়াসির। চার হাঁকান ১০টি, ছাক্কা দুটি। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটা তার সপ্তম শতক।

সেঞ্চুরি হাঁকানোর পথে চতুর্থ উইকেট অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে ১৩৭ রানের জুটি গড়েন ইয়াসির। ইমরুল ব্যক্তিগত ৭৬ রানে উইকেট ছাড়া হলেও একমাত্র আগলে রেখেছেন ইয়াসির।

দলীয় ১৬৪ রানে ইমরুলের ফেরার পর অল্প রানের মধ্যে আরও একটি উইকেট হারায় পূর্বাঞ্চল। তিন রান করতেই সানজামুল ইসলামের বলে বোল্ড হন নাসির হোসেন।

ষষ্ঠ উইকেটে ইয়াসিরের সঙ্গে জুটি গড়েছেন আফিফ হোসেন। এ জুটির রান পঞ্চাশ ছাড়িয়েছে। পূ্র্বাঞ্চলের দলীয় রান ৫ উইকেটে ২৩০ রান ছাড়িয়েছে।

শুক্রবার ম্যাচের প্রথম দিন মুশফিকুর রহিমের ১৪০ রানের ইনিংসের উপর ভর করে ২৭২ রান করেছিল উত্তরাঞ্চল।