কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এই সময় আরও ৫ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পর্যটকবাহী একটি মাইক্রোবাস কক্সবাজার হতে ইনানী যাওয়ার পথে মেরিনড্রাইভ সড়কে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামু থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের বলেন, মেরিন ড্রাইভের রামু উপজেলার দরিয়া নগর অংশে এ দুর্ঘটনা ঘটে।