বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মবার্ষিকী উদযাপন

বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৪তম জন্মবার্ষিকী গতকাল শনিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধলে তার গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল, মোনাজাত আর কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শনিবার বিকেলে উজান ধল গ্রামে বাউল সম্রাটের বাড়িতে শাহ আবদুল করিম স্মৃতি পরিষদের আয়োজনে শাহ আবদুল করিম স্মৃতি জাদুঘরের সামনে কেক কাটা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানমিন নাহার রুমা, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামির বিশ্বাস, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, সদর উপজেলা এসি ল্যান্ড আরিফ আদনান, শাহ আবদুল করিমের ছেলে শাহ নুর জালাল, শাহ আবদুল করিম স্মৃতি পরিষদ দিরাই উপজেলা শাখার সভাপতি পাভেল মাহমুদ, দিরাই উপজেলা উদীচীর সভাপতি মিটন তালুকদার, সাধারণ সম্পাদক কিরণ বর্মণসহ বাউল ভক্তরা।

এদিকে বাউল সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকালা একাডেমির আয়োজনে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।