সুনামগঞ্জ ছাতকে উপজেলার পৌর শহরের মোগলপাড়া এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের মোগলপাড়া এলাকায় সুরমা নদীতে পড়ে তিনি নিখোঁজ হন। রাত ৯টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ আলী (২৮) শহরের মোগলপাড়া এলাকার সাহেদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোগলপাড়া এলাকার সুরমা নদীর পাড়ে বাঁধা একটি নৌকায় মোহাম্মদ আলীসহ কয়েকজন তাস খেলছিল। এ সংবাদ পেয়ে ছাতক থানার পুলিশ নৌকায় তাস খেলায় ব্যক্তিদের ধাওয়া করে। পুলিশের ধাওয়ায় নৌকার পেছন দিক দিয়ে নদীতে ঝাঁপ দেয় তারা। একপর্যায়ে সাঁতার কেটে অন্যরা নদীর তীরে উঠলেও মোহাম্মদ আলী নিখোঁজ হয়। পরে রাত ৯টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, নদীর পাড়ে কয়েক যুবক জুয়া খেলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা নদীতে ঝাঁপ দেয়। পরে সবাই সাঁতরে তীরে উঠলেও একজন পানিতে ডুবে যায়। রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।