সিএএ নিয়ে মুম্বাই হাইকোর্ট

বিরোধিতা মানেই দেশদ্রোহিতা নয়

শান্তিপূর্ণভাবে সিএএর বিরোধিতা করলে দেশদ্রোহী বলা যায় না বলে অভিমত দিয়েছে ভারতের মুম্বাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মহারাষ্ট্রের বিদ জেলায় নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী এক বিক্ষোভ প্রসঙ্গে গতকাল শনিবার আদালত এ কথা জানায়।

নাগরিকত্ব সংশোধনী আইনের অবস্থান বিক্ষোভে পুলিশি হস্তক্ষেপ খারিজ হয়ে যায়ওয়াকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করা হয়। তার প্রেক্ষিতেই এই মতামত জানান হাইকোর্ট।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল মুম্বাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না, এমন তো হতে পারে না। যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন, তাদের স্বার্থরক্ষাও আদালতের দায়িত্বের মধ্যে পড়ে।’

এ সময় আদালত আরও জানায়, ‘আমাদের ভুললে চলবে না ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র আর অহিংস আন্দোলনের মাধ্যমেই এই দেশ স্বাধীনতা অর্জন করে। আমরা ভাগ্যবান যে, এই এখনো পর্যন্ত এই দেশের বেশিরভাগ মানুষ অহিংস আন্দোলনে বিশ্বাসী।’

হাইকোর্টের অওরঙ্গাবাদ বেঞ্চ জানায়, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখনো এই দেশের মানুষকে তাদের নিজেদের সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ করতে হয়। কেউ শান্তিপূর্ণভাবে কোনো আইনের বিরোধিতা করলেই তাকে বিশ্বাসঘাতক বা দেশদ্রোহী বলা যায় না।