রাঙ্গামাটিতে গত শুক্রবার পৃথক নৌকাডুবির ঘটনার পর নড়ে বসেছে প্রশাসন। ওই দিন বিকেলে জেলা প্রশাসনের জরুরি সভায় পর্যটকদের লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক এবং নৌকার ছাদ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। গতকাল শনিবার থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত লাইফ জ্যাকেট নিশ্চিত করতে মাঠে নেমেছে।
এদিকে কাপ্তাই উপজেলার কয়লার ডিপোসংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের এখনো সন্ধান মেলেনি। গতকাল বিকেল ৫টা পর্যন্ত তাদের উদ্ধার করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় একজনের মৃত্যু হয়। এ ছাড়া সদর উপজেলার কাপ্তাই হ্রদের ডিসি বাংলো এলাকায় সুবলংগামী পর্যটক নৌকাডুবিতে মৃত পাঁচজনের লাশ শুক্রবার রাতে হস্তান্তর করা হয়। প্যাসিফিক জিনস গার্মেন্টসের এইচআর বিভাগের এক্সিকিউটিভ অফিসার খসরুস জামান লাশ বুঝে নেন। পরে তা স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।