ফিটনেসবিহীন গাড়ি বন্ধে প্রতি জেলায় টাস্কফোর্স গঠনের নির্দেশ

সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন ও নিবন্ধন নেই এমন গাড়ি চলাচল বন্ধে দেশের প্রতিটি জেলায় একটি করে টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে ওই কমিটিতে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের রাখতে বলা হয়েছে।

ফিটনেসবিহীন গাড়ি নিয়ে বিআরটিএর অগ্রগতি বিষয়ক শুনানিতে রবিবার এ আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্রসচিব ও সড়ক ও সেতু সচিবকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী ১ জুন আদেশ পালনের অগ্রগতি বিষয়ক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, এই টাস্কফোর্স ফিটনেসবিহীন ও সনদবিহীন গাড়ি আটক, জব্দ ও তা ডাম্পিংয়ে পাঠাবে। আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মইন ফিরোজী ও রাফিউল ইসলাম।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এর আগে এই সংক্রান্ত শুনানিতে গত ১২ ফেব্রুয়ারি হাইকোর্ট বলেছিল, সড়ক মহাসড়কে কোনো ফিটনেসবিহীন গাড়ি চলতে পারবে না।