মেলায় শামিম আরা স্মৃতির ৫ বই

অমর একুশে গ্রন্থমেলায় এবার সরব উপস্থিতি শামিম আরা স্মৃতির। পাঁচটি গ্রন্থ নিয়ে হাজির হয়েছেন এই বহুমাত্রিক লেখিকা।

কবিতার বই ‘প্রতিবিম্ব’। এর পরতে পরতে পরতে রয়েছে নারী অবমাননার তীব্র প্রতিবাদী উচ্চারণ, ঝাঁজালো সুর, প্রকৃতি, নারী, দ্রোহ ও সুরের আত্মপ্রকাশ।

‘একাত্তরের ফাল্গুনে’ মলাটবদ্ধ হয়েছে ১৭টি ছোটগল্পে। এই বইয়ে নারী-পুরুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, প্রণয়, ভালোবাসা-বাৎসল্য, পাওয়া না পাওয়ার কাহিনি স্থান পেয়েছে।

এসব গল্পে উঠে এসেছে সমাজবাস্তবতা। জীবনের নিষ্ঠুর সত্য, যা প্রবহমান জীবনকে কখনো নিয়ে যায় দ্বন্দ্ব মুখর, জটিল, অসরল পথে। আবার কখনো নিয়ে যায় সহজ-সরল সুন্দর মসৃণ পথে। এই বিবিধ পথের শৈল্পিক প্রকাশ ‘একাত্তরের ফাল্গুনে’।

একজন নারীকে জীবনসংগ্রামে টিকে জয় করতে হয় অনেক বাধা বিপত্তি। ‘অঙ্গনা’ উপন্যাসে উঠে এসেছে নারীর সেই কঠোর শ্রম, নিষ্ঠা ও একাগ্রতার চিত্র।

শিশুদের জন্য নৈতিক শিক্ষামূলক বই ‘এসো গল্পে গল্পে শিখি’।

এর বাইরে ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু শেখ মুজিব’ শীর্ষক একটি বই সম্পাদনা করেছেন শামিম আরা স্মৃতি।

পাঁচটি বইই প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন। পাওয়া যাচ্ছে মেলায় ২৪ নম্বর স্টলে।

শামিম আরা বাংলাদেশ সিভিল সার্ভিস, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের একজন সদস্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পরবর্তীতে এম বি এ করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।