চীনের ভয়াবহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিবেশী দেশ তাইওয়ানে প্রথম একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের বাইরে ভাইরাসটিতে মারা গেছে ৫ জন।
ব্যাংকক পোস্ট জানায়, রোববার এক সংবাদ সম্মেলনে তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং দেশটিতে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। এ ছাড়া সংক্রমণ ঘটেছে আরও ২০ জনের শরীরে।
ষাটের কোঠায় থাকা ওই ব্যক্তির আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন বলে তিনি জানান।
এর আগে কভিড-১৯ নামে করোনাভাইরাসে চীনে ভূখণ্ডের বাইরে হংকং, ফিলিপাইন, জাপান ও ফ্রান্সে একজন করে মৃত্যু হয়।
এদিকে নভেল করোনাভাইরাসটিতে একদিনে আরও ১৪৬ জনের মৃত্যু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভাইরাসটিতে মোট ১৬৬৯ জনের মৃত্যু হল। রোগমুক্তি হয়েছে ৯ হাজার ৫২১ জনের।
যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে সেখানেই মারা গেছে ১৫৯৬ জন। এখানে আক্রান্তদের মধ্য থেকে সেরে উঠেছেন ৫ হাজার ৬২৩ জন।
চীনসহ গোটা পৃথিবীতে এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত ৬৯ হাজার ১৮৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে শুধু চীনেই ৬৮ হাজার ৫০০।
বাংলাদেশের মূল ভূখণ্ডে এখনো কেউ আক্রান্ত হননি। তবে সিঙ্গাপুরে কাজ করতে গিয়ে ৫ জন কবলে পড়েছেন। তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগীরা সবাই স্লেটার অ্যারোস্পেস হাইটস কনস্ট্রাকশন সাইটের কর্মী।