এ বছরের ২ এপ্রিল যুক্তরাজ্যে এবং ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘জেমস বন্ড’ সিরিজের নতুন সিনেমা ‘নো টাইম টু ডাই’। এই সিনেমায় বরাবরের মতো জেমস বন্ড হিসেবে হাজির হবেন ড্যানিয়েল ক্রেইগ।
এদিকে সিনেমাটির প্রচারণায় অংশ নিতে চীনে আসার কথা ছিল ড্যানিয়েল ক্রেগের। কিন্তু করোনা ভাইরাসের ভয়ে চীনের প্রচারণা বাতিল করেছেন ড্যানিয়েল ক্রেইগ। এমনটাই জানিয়ে ডেইলি মেইল।
জানা যায়, বেইজিংয়ে সিনেমাটির প্রিমিয়ার শো হওয়ার কথা ছিল। যেখানে ড্যানিয়েল ক্রেইগও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৬০০’র থেকে বেশি হওয়ার সঙ্গে সঙ্গে চীনে সিনেমাটির প্রচারণা বাতিল ঘোষণা করা হয়। কারণ পুরো চীন জুড়ে প্রায় ৭০ হাজার সিনেমা হল বন্ধ হয়ে গেছে এবং পাঁচ মিলিয়নেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
চীনে সিনেমাটি মুক্তি না দিতে পারলে এটা হবে ইউনিভার্সাল পিকচারের জন্য বড় ধাক্কার বিষয়। কারণ চীনে গত বছরেও ৬ বিলিয়নের বাজার ছিল। ২০১৫ সালে ড্যানিয়েল ক্রেইগ অভিনীত ‘স্পেক্ট্রা’ চীনে ৬০ মিলিয়নের মতো আয় করেছিল।
এদিকে সিনেমা বোদ্ধারা ভাবছেন, জেমস বন্ড সিরিজের সর্বশেষ সিনেমাটি বক্স অফিসে বিগ ধামাকার জন্ম দেবে কিন্তু করোনা ভাইরাসের কারণে শেষ পর্যন্ত কী হবে তা বলা যাচ্ছে না।