বিএনপির সংসদীয় কমিটির বৈঠক সোমবার

কয়েকটি আসনের উপনির্বাচনকে সামনে রেখে দলের সংসদীয় কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

রবিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

বিএনপির দপ্তর সংশ্লিষ্ট নেতারা জানান, ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপির ৭ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছেন- ঢাকা-১০ আসনে শেখ রবিউল ইসলাম রবি, বাগেরহাট-৪ আসনে কাজী মনিরুজ্জামান, মনিরুল হক ও কাজী খায়রুজ্জামান শিপন এবং গাইবান্ধা-৩ আসনে মাইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান সরকার।

মনোনয়ন প্রত্যাশীদের সোমবান সাক্ষাৎকার নেবেন বিএনপির সংসদীয় কমিটির সদস্যরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত নেয়া হবে বৈঠকে।  

নির্বাচন কমিশন রবিবার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২৯ মার্চ। একই দিন বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। চসিক নির্বাচনে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। অন্য দুই সংসদীয় আসনে ভোট হবে কাগজের ব্যালটে।