ইয়াসির আলী সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আগের দিনই। এদিন তার ইনিংসটি দেড় শ ছাড়াল। তাতে উত্তরাঞ্চলের পক্ষে সানজামুল ইসলাম ৭ উইকেট পেলেও প্রথম ইনিংসে লিড পেল পূর্বাঞ্চলই। মুশফিকুর রহিমদের উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই।
রবিবার পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংস থামে ৩৩১ রানে। প্রথম ইনিংসে ২৭২ রান করেছিল উত্তরাঞ্চলের ইনিংস। ৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৫ উইকেটে ১৪৫ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে উত্তরাঞ্চল। এখন পর্যন্ত দলটির লিড ৮৬।
মুশফিক ২৩ ও মহিদুল ইসলাম অঙ্কন ২২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এই জুটিই এখন উত্তরাঞ্চলের ভরসা। জুনায়েদ সিদ্দিকি ৩৬ ও নাঈম ইসলাম ৩৫ রান করেন।
প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের পক্ষে ৮ উইকেট পাওয়া নাঈম হাসান দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ২ উইকেট পেয়েছেন। অর্থাৎ ম্যাচে ১০ উইকেট হয়ে গেছে তার।
এর আগে ৭ উইকেটে ২৬১ রান নিয়ে দিন শুরু করেছিল পূর্বাঞ্চল। এদিন আরো ৭০ রান যোগ করে দলটি। ইয়াসির ১৬৫ রানে থামেন। আগের দিন ১৩৪ রানে অপরাজিত ছিলেন তিনি। নাঈম হাসানের ব্যাট থেকে আসে ৩১ রান।