করোনা আতঙ্কে সিঙ্গাপুর থেকে আসা স্বামীকে ছেড়ে পালালেন স্ত্রী

করোনা আতঙ্কে সিঙ্গাপুর থেকে আসা স্বামীকে ছেড়ে স্ত্রীর পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। টাঙ্গাইলের বাসাইলে সিঙ্গাপুর ফেরত আব্বাস আলী (৪২) নিজ বাড়িতে ফেরার পরে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এমন আতঙ্কে স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছেন।

আব্বাস আলী (৪২) উপজেলার দেউলী দক্ষিণপাড়া গ্রামের শামছুল হকের ছেলে। গত বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুর থেকে বাড়ি ফেরেন।

কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক জানান, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আব্বাস আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা যায়নি। তাকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এদিকে আব্বাস আলী জানান, তার কোনো সময় জ্বর বা ঠান্ডা লাগেনি। হয়রানি করার জন্য তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান বলেন, সিঙ্গাপুর থেকে আব্বাস আলী যখন দেশে আসেন, তখন তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। এমনকি বিমান বন্দরের স্ক্যানারেও জ্বরের লক্ষণ পাওয়া যায়নি। এলাকাবাসীর উদ্বেগের কারণে এ সমস্যা হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি।