প্যারোলের জন্য খালেদা জিয়াকেই আবেদন করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্যারোলে মুক্তি চাইলে আদালতের কাছে খালেদা জিয়াকে নিজে আবেদন করতে হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার আইনজীবীরাই তার মুক্তি চান না। তারা সঠিকভাবে আইনি লড়াই করেননি বলেই ৬৩টি মামলার শুনানির দিন পিছিয়েছে।’

রবিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটির (সনাক) তথ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া নিজে প্যারোলের আবেদন না করলে, যেভাবে জেলে আছেন সেভাবেই থাকতে হবে। এখানে সরকারের কিছু করার নেই।’

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে মেলায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩২টি স্টল স্থান পেয়েছে।