সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সার্ক নিটওয়্যার লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ১০ শ্রমিক আহত হন।
রবিবার সাভারের সামাইর এলাকায় কারখানাটির সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
শ্রমিকরা জানান, পোশাক কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। তাদের জানুয়ারির বেতন না দিয়েই রবিবার সকালে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। শ্রমিকরা সকালে কাজ করতে এসে নোটিস দেখে উত্তেজিত হয়ে ওঠেন। পরে তারা সড়কে টায়ার জ্বালিয়ে সাভার-মিরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ১০ শ্রমিক আহত হন।
এদিকে সাড়ে ৩ ঘণ্টা আঞ্চলিক ওই সড়কটি অবরোধ করে রাখার ফলে রাস্তার দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। শ্রমিক হাজেরা বেগম জানান, প্রতি মাসেই নির্দিষ্ট সময়ে বেতন না দিয়ে গড়িমসি করে কর্তৃপক্ষ। কয়েক দিন ধরেই জানুয়ারি মাসের বেতন দিই, দিচ্ছি করেও দেয়নি। রবিবার বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিস টানিয়ে দেয়।
নোটিসের ব্যাপারে কারখানার অ্যাডমিন ম্যানেজার মিরাজ হোসেন বলেন, ‘নোটিসের ব্যাপারে আমি কিছুই জানি না। এটা সম্ভবত হেড অফিস আমার নাম দিয়ে টানিয়েছে।’
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’