গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ যোগদান করেছেন। গতকাল রবিবার দুপুরে তিনি মন্ত্রণালয়ে যোগ দেন।
পরে তিনি সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার তাকে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের ও আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আপনাদের ভূমিকা রাখতে হবে। সরকারি কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতায় দেশকে উচ্চতর স্থানে নিয়ে যেতে চাই। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের বিশাল কর্মযজ্ঞ গুণগত মান রক্ষা করে এবং নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে চাই।’ এ সময় তিনি মুজিববর্ষ উপলক্ষে গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির খোঁজখবর নেন।