সাংবাদিক হেনস্তাকারী ছাত্রলীগ নেতা রিয়াদ ইয়াবাসহ গ্রেপ্তার

ঢাকা সিটি করপোরেশনে ভোটের দিন তিন সাংবাদিককে হেনস্তাকারী ছাত্রলীগের বহিষ্কৃত নেতা শহিদুল ইসলাম খান রিয়াদ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। গত শনিবার গভীর রাতে রাজধানীর সূত্রাপুর থানার রায়সাহেব বাজার এলাকা থেকে রিয়াদসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শনিবার রাত ২টার দিকে চারটি ইয়াবাসহ রিয়াদ ও খোকন নামে দুজনকে আটক করা হয়। পরে মাদক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

গত ১ ফেব্রুয়ারি ভোটের দিন দক্ষিণ সিটির গেণ্ডারিয়া এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজি, বিজনেস স্ট্যান্ডার্ডের নূরুল আমিন জাহাঙ্গীর ও দিন প্রতিদিন পত্রিকার রিপোর্টার পাপনকে শারীরিকভাবে হেনস্তা করেন মহানগর দক্ষিণ ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি রিয়াদ ও তার সহযোগীরা। পরে ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে গেণ্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রিয়াদ। জিডিতে বলা হয়, ‘ওই তিনজন ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের এজেন্ট হিসেবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করেন।’ এ নিয়ে সমালোচনার মধ্যে ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে’ রিয়াদকে সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।