আবরার হত্যা মামলা দ্রুতবিচারে নেয়ার আবেদন করবেন বাবা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলাটি দ্রুতবিচারে নেয়ার আবেদন করবেন বলে জানিয়েছেন নিহতের বাবা বরকত উল্লাহ।

সোমবার এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এদিন আদালতে হাজির হয়ে বরকত উল্লাহ বলেন, ‘মামলাটি দ্রুতবিচারে নেয়ার আবেদন করব। তাই সময় দেয়া হোক’। পরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগ গঠন শুনানির জন্য ১৮ মার্চ দিন ধার্য করেন।

নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি।

ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ডেকে নিয়ে যায়। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ওই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী  হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারনামীয় ১৯ জন এবং তদন্তে প্রাপ্ত এজাহারবহির্ভূত ছয়জন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৬ জন ও এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন। মামলার তিন আসামি এখনো পলাতক রয়েছে।