টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন ফ্যাফ ডু প্লেসি।
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ডু প্লেসিকে বিশ্রাম দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তার আগে টেস্ট সিরিজে ডু প্লেসির নেতৃত্বেই খেলে প্রোটিয়ারা।
সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আসছে সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসির সঙ্গে দলে ফিরেছেন পেসার কাগিসো রাবাদাও। তিনিও ইংলিশদের বিপক্ষে বিশ্রামে ছিলেন। বাদ পড়েছেন রিজা হেনড্রিকস, বিউরান হেনড্রিকস ও সিসান্ডা মাগালা।
এর আগে একই দিন ডু প্লেসি টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই ডু প্লেসিকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক করা হয়েছিল ডি কককে।
ডু প্লেসিকে শুধু ওয়ানডের নেতৃত্ব থেকেই সরিয়ে দেওয়া হয়নি, বিশ্রাম দেওয়া হয় ওয়ানডে ও পরে টি-টোয়েন্টি সিরিজ থেকেও। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতেও ডি ককই নেতৃত্ব দেন।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার শুরু হতে যাওয়া সিরিজেও নেতৃত্ব থাকছে ডি ককের কাঁধে। টি-টোয়েন্টির পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দুই দল।
১৬ সদস্যের দক্ষিণ আফ্রিকা দল:
কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, ফ্যাফ ডু প্লেসি, বোর্ন ফর্টিন, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, আন্দিলে ফেলুকাওয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাজি শামসি, জন-জন স্মুটস, ডেল স্টেইন, পিটি ফন বিলিজন, ভ্যান ডার ডুশেন।