বাফুফে সভাপতি নির্বাচনে নাটক

আমিনকে ধন্যবাদ সালাউদ্দিনের

টানা চতুর্থ মেয়াদে বাফুফে সভাপতি হতে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। বাফুফের আসন্ন নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর তালিকায় এতদিন উচ্চারিত হয়েছে চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি তরফদার রুহুল আমিনের নাম। গতকাল নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আপাতদৃষ্টে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী বলতে এখন আর কেউ রইল না। যদিও নির্বাচনের এখনো দু’মাস বাকি। গতকাল আমিনের এই ঘোষণার প্রতিক্রিয়া জানাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন সালাউদ্দিন। যেখানে তিনি আমিনকে ধন্যবাদ জানিয়েছেন তার ওপর আস্থা রাখায়।

আমিনের সরে দাঁড়ানো প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘নির্বাচনে যে কেউ ইচ্ছা সেই দাঁড়াতে পারেন। যোগ্য যে কেউ নির্বাচন করবেন। তিনি (তরফদার) বলেছেন ফুটবলের ভালোর জন্য দাঁড়াবেন না। আমি তাকে ধন্যবাদ জানাই যে আমার ওপর তার আস্থা আছে।’ কাল ফের সভাপতি পদে নির্বাচন করার কথা জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘নির্বাচনের ব্যাপারে তিনি (আমিন) আমার সঙ্গেও কথা বলেছিলেন। তখন বলেছিলাম আমি দাঁড়াব। কারণ আমার আরও কিছু কাজ বাকি আছে। আরেকটা কথা বলা হচ্ছে সেটা হয়তো ঠিকভাবে বলা হচ্ছে না। কারণ আমি কখনই স্টেটমেন্ট দেইনি যে আমি আর দাঁড়াব না। বলেছিলাম দাঁড়াতেও পারি, নাও পারি।’

ভবিষ্যতে আমিনের সঙ্গে একসঙ্গে কাজ করার কোনো সুযোগ আছে কিনা? এই প্রশ্নের উত্তরে বলেন, ‘এই মুহূর্তে এই সম্পর্কে আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। ফুটবলে কেউ যদি কাজ করতে চায় তাহলে স্বাগত জানাই। আমি সাইফকে এনেছিলাম কাজ করতে, বসুন্ধরাকে এনেছি। সবাইকে নিয়ে কাজ করা আমার উদ্দেশ্য। এটা কোনো ক্লাব নই। আমরা জাতির জন্য কাজ করছি। পরিষ্কার বলছি, নির্বাচন আমি করব এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আমি।’