আকবর-জয়রা সালমাদের অনুপ্রেরণা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সবচেয়ে বড় সাফল্য ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়। একুশে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নারী টি- টোয়েন্টি বিশ্বকাপেও কি তেমন কোনো চমক দেওয়া পারফরমেন্স করতে পারবে সালমারা? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতের গর্ভে লুকিয়ে। তবে আসন্ন বিশ্বকাপে ভালো করার জন্য যুবদলের বিশ্বকাপ জয় থেকে অনুপ্রেরণা খুঁজছেন নারীরা।

ভারতকে হারিয়ে ৯ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এটাই এখন বিশ্বকাপে ভালো করার ক্ষেত্রে নারী দলের অনুপ্রেরণা। গতকাল অস্ট্রেলিয়াতে অংশগ্রহণকারী দশ দলের অধিনায়কদের সংবাদ সম্মেলনে সালমা বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ওদের কাছ থেকেই অনুপ্রেরণা নিচ্ছি। আমরা তাকিয়ে আছি ভালো একটা শুরুর জন্য।’ এশিয়া কাপের উল্লেখ করে বাংলাদেশ নারী দলের অধিনায়ক আরও বলেন, ‘এশিয়া কাপ আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। তবে এখন আমাদের মনোযোগের কেন্দ্রে বিশ্বকাপ।’ 

এই বিশ্বকাপে স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। প্রতি গ্রুপের শীর্ষ ২ দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল ৮ মার্চ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। পার্থে সেদিন সালমাদের প্রতিপক্ষ ভারত। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ সালমাদের। ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগে ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়।