সংসদে আইনমন্ত্রী

এক লাখ মানুষের জন্য একজন বিচারক

দেশের প্রতি এক লাখ মানুষের জন্য একজন বিচারক রয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পাশর্^বর্তী ভারতে প্রতি ৫০ হাজার জনে একজন, ইংল্যান্ডে ২০ হাজার জনে একজন, আমেরিকা, ফ্রান্স ও ইতালিতে ১০ হাজার জনে একজন বিচারক। বিচারাধীন মামলা নিষ্পত্তিতে বিচারকের এ সংখ্যা অপ্রতুল।’

মন্ত্রী আরও জানান, আপিল বিভাগের বিচারপতি আছেন সাতজন। এখানে মামলা আছে ২২ হাজার ৫৯৬টি। হাইকোর্ট বিভাগে বিচারপতি রয়েছেন ৯৭ জন, বিপরীতে মামলা আছে ৪ লাখ ৯০ হাজার ৮০০টি। অধস্তন আদালতে ১ হাজার ৯৬৭ জন বিচারকের বিপরীতে ৩১ লাখ ২৭ হাজার ২৪৩টি মামলা রয়েছে।