বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে নিতে আবেদন জমা দিয়েছেন মামলার বাদী ও তার বাবা বরকত উল্লাহ।
গতকাল সোমবার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এ আবেদন জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দায়রা আদালতের পিপি আবু আবদুল্লাহ, আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজসহ স্বজনরা।
পরে পিপি আবু আবদুল্লাহ বলেন, ‘আবেদনটি জেলা প্রশাসকের দপ্তর থেকে যথাযথ কর্র্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে।’
সংশ্লিষ্টরা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-২ শাখায় যাবে আবেদনটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত দেওয়ার পর মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে পদক্ষেপ নেবে আইন মন্ত্রণালয়।
দ্রুতবিচার ট্রাইব্যুনালে যেকোনো মামলা ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। ওই সময়ের মধ্যে নিষ্পত্তি করা না গেলে আরও ৪৫ দিন সময় নিতে পারে আদালত।
এর আগে সকালে আবরারের বাবা ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে অভিযোগ গঠন শুনানির দিনে হাজির হয়ে বলেন, ‘আমি মামলাটি দ্রুতবিচার আদালতে নেওয়ার আবেদন করব। এ জন্য সময় দেওয়া হোক।’ পরে বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৮ মার্চ ধার্য করেন।