২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবে বাম জোট

ব্যাংক ও আর্থিক খাতে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট বন্ধের দাবিতে আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। ওইদিন বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত শেষে বাংলাদেশ ব্যাংক অভিমুখে মিছিল নিয়ে এগোবে জোটটির নেতাকর্মীরা।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত ‘ব্যাংকিং ও আর্থিক খাতে অনিয়ম, দুর্নীতি, লুটপাট উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ।

এ সময় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তা, লুটেরা ব্যবসায়ী এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতৃত্ব এই তিনের মেলবন্ধনেই খেলাপি ঋণের নষ্ট সংস্কৃতির ভিত্তি রচনা করেছে। এখন দেশের উন্নয়নের নীতিই হচ্ছে লুটপাট। অচিরেই তা বন্ধ হওয়া দরকার। 

আনু মুহাম্মদের বক্তব্যের সূত্র ধরে অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, এভাবে চলতে থাকলে আগামী তিন বছরের মধ্যে ব্যাংকগুলোর লোনেবল ফান্ড ক্রাইসিস তৈরি হবে। আমরা দেখছি প্রাইভেট সেক্টর মুনাফা করলে নিজের আর লোকসান করলে সরকারের। ফারমার্স ব্যাংক তার অন্যতম উদাহরণ। এভাবে চলতে পারে না।