ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৯তম সমাবর্তন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১৯তম সমাবর্তন হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর আফতাবনগরে ক্যাম্পাস প্রাঙ্গণে এ আয়োজনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের ২ হাজার ১১১ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এছাড়া অনন্য মেধাবী তিন শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণপদক।

আগামীতে বাংলাদেশের কাক্সিক্ষত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চাহিদা পূরণে তরুণদের উদ্ভাবনী দক্ষতার বিকাশ ও উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে দেশে ব্যক্তিগত ও সম্মিলিত দায়িত্ব, মালিকানা এবং জবাবদিহিতার সংস্কৃতি চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।

সমাবর্তনের বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।