৩ উপনির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা

ঢাকা-১০, গাইবান্ধা-০৩ ও বাগেরহাট-০৪ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। গতকাল সোমবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে তাদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

তিনি জানান, ঢাকা-১০ আসনে হাজি মো. শাহ জাহান, গাইবান্ধা-০৩ আসনে মইনুর রাব্বী চৌধুরী ও বাগেরহাট-০৪ আসনে সাজন কুমার মিস্ত্রী জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।

এর আগে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু এমপি ও দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে ঢাকা-১০ এর সাংসদ শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। গাইবান্ধা-০৩ ও বাগেরহাট-০৪ এর সাংসদরা সম্প্রতি মৃত্যুবরণ করায় আসন দুটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আসন তিনটিতে ভোটগ্রহণ হবে আগামী ২১ মার্চ।