ইন্দুরকানী উপজেলা আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ফের স্থগিত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ফের স্থগিত করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানের হঠাৎ অসুস্থতাজনিত কারণে মঙ্গলবারের সম্মেলন স্থগিত করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠেয় এ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এ কে এম এ আউয়ালসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করা হয়। কিন্তু উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোমবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভার মিটিং শেষে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ সময় হার্টে সমস্যা দেখা দেওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সোমবার বিকেলে খুলনার ফরটিস প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তিনি এখন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও আশঙ্কা মুক্ত রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর সম্মেলনের পরবর্তী দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান জানান। 

উল্লেখ্য, এর আগে গত ২০১৯ সালের ১৭ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষমেষ তা অনিবার্য কারণবশত স্থগিত হয়ে যায়।