দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষিকাকে অশ্লীল মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগে গাড়িচালকের শাস্তি দাবি করে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
মঙ্গলবার করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগী প্রফেসর ড. ফাহিমা খানম ওই শিক্ষক সংগঠনের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড এর সদস্য এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন।
জানা যায়, সোমবার বিশ্ববিদ্যালয়ের বাস ডিপোর সামনে দিয়ে যাওয়ার সময় গাড়িচালক মো. জাহাঙ্গীর আলম কোন কারণ ছাড়াই শিক্ষিকাকে উদ্দেশ্য করে অশ্লীল ও কুরুচিকর মন্তব্যের পাশাপাশি গালিগালাজ করেন। অভিযোগ রয়েছে, ওই গাড়িচালক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আগেও এভাবে গালিগালাজ করেছেন।
পরিবহন শাখা পুলের পরিচালক প্রফেসর মফিজুল ইসলাম বলেন, আমি নিজেও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছি। অভিযুক্ত চালকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের বিভিন্ন শিক্ষক, কর্মচারীরা অংশগ্রহণ করেন।