সেন্টমার্টিনগামী জাহাজে বিদেশি পর্যটককে হেনস্তাকারী যুবক আটক

টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজে এক বিদেশি পর্যটককে হেনস্তা করার অভিযোগে মো. সালমান (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সালমান নাটমুড়া পাড়া এলাকার আব্দুল খালেকের পুত্র এবং হ্নীলা এমএসনি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়- টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজে একজন বিদেশির সঙ্গে কয়েকজন যুবককে দেখা যায়।

তিনি জানান, ভিডিওতে থাকা যুবকদের কথাবার্তা আর অঙ্গভঙ্গি দেখে বোঝা যায় তারা ওই বিদেশিকে নাজেহাল করছিল। ইংরেজিতে তারা নানারকম আপত্তিকর বিষয়ে তাকে প্রশ্ন করছিল ওই যুবকরা। এছাড়া, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্লীল শব্দও ব্যবহার করতে শোনা যায়। স্বাভাবিকভাবেই বিদেশি ভদ্রলোক বিব্রত হচ্ছিলেন।

তিনি আরও জানান, ভিডিওটি দেখে পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান শুরু করে। একপর্যায়ে বিদেশি পর্যটককে বিরক্তকারী শনাক্ত করা সম্ভব হয়। পরে তাকে আটক করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।