জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। সম্ভাবনার দেশ হিসেবে সারা দুনিয়া এখন আমাদের দিকে তাকিয়ে আছে। গতকাল মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ও সমাপনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাসস
বেগম রওশন এরশাদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জিডিপির প্রবৃদ্ধির হার অব্যাহতভাবে বৃদ্ধি রাখতে হলে রাজস্ব আয় ও ব্যয় খাতে ব্যাপক হারে সংস্কার করতে হবে। এ সময় তিনি দেশের উন্নয়ন সম্পর্কে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানান। শিক্ষামন্ত্রীর দৃষ্টির আকর্ষণ করে বিরোধীদলীয় নেতা বলেন, গুণগত শিক্ষার উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। জিপিএ ৫ পেলেই প্রকৃত জ্ঞান অর্জন হয় না। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। রাত ১২টার পর থেকে ফেইসবুক বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন. তরুণ প্রজন্মের ভবিষ্যতের কথা বিবেচনা করে এ কাজটি করা উচিত।